কুকুরের বিয়েতে ভুরিভোজ, খেলেন ৫০০০ অতিথি!
মানুষের বিয়েতেও বোধহয় এতটা জাঁকজমক হয় না। যতটা হলো উত্তরপ্রদেশের দুই কুকুরের বিয়েকে ঘিরে। আজ শনিবার কুকুরের বিয়েকে উপলক্ষ করে মেতে উঠেছিল ভারতের উত্তরপ্রদেশের কৌশম্বী জেলার পাওয়ারা গ্রাম। গ্রামে ধর্মের রীতিনীতি মেনে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান আর বিয়ের ভুরিভোজে খেলেন অন্তত পাঁচ হাজার অতিথি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, পাওয়ারা গ্রামে ব্যাতিক্রমী এ বিয়ে ঘিরে স্থানীয় মানুষ ও অতিথিদের মধ্যেও উৎসাহের কমতি ছিল না। বাদ্য-বাজনা থেকে শুরু করে হালের ডিজে (ডিস্কো জকি) পর্যন্ত আনা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে। আর ডিজের তালে তালে নেচেছেন আমন্ত্রিত পাঁচ হাজার মানুষ।
স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, পাওয়ারা গ্রামের সন্তানহীন দুই বন্ধু বসন্ত ত্রিপাঠি আর জং বাহাদুরের দুটি কুকুরের নাম শাগুন আর শাগুনিয়া। কিছুদিন আগে দুই বন্ধু ঠিক করেন, ধুমধাম করে নিজেদের প্রিয় কুকুর দুটোর বিয়ে দেবেন। গ্রামবাসীকে কথাটি জানাতে ব্যতিক্রমী আয়োজনের খবরে তাঁরাও নেচে উঠে।
এরপর আজ দুপুরে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মেয়ে কুকুর শাগুনিয়াকে মালিক জং বাহাদুর যখন বসন্ত ত্রিপাঠির ছেলে কুকুর শাগুনের কাছে তুলে দিচ্ছিলেন সেই সময় দুজনের চোখেই ছিল আনন্দাশ্রু। আর অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সবই ছিল ধর্মীয় রীতি মেনেই। তবে মানুষের বদলে পাত্রপাত্রীর জায়গায় ছিল দুটো কুকুর- এ ছাড়া আয়োজনের কমতি ছিল না কোথাও।

অনলাইন ডেস্ক