কলকাতায় ফ্লাইওভার ধসে আহতদের পাশে রাহুল গান্ধী
কলকাতার বড়বাজার এলাকায় বিবেকানন্দ ফ্লাইওভার ধসে আহতদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। আজ শনিবার সকালে তিনি কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং আহতদের খোঁজখবর নেন। এর আগে তিনি ধসে ফ্লাইওভার ধসে পড়া ক্ষতিগ্রস্ত এলাকায় যান।
আজ সকাল সকাল সাড়ে ৮টার দিকে রাহুল গান্ধী কলকাতার দমদমের নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে নামেন। সেখান থেকে তিনি সড়কপথে মধ্যকলকাতার বড়বাজার এলাকার ফ্লাইওভার ধসের স্থানে যান। রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।
বড়বাজারের গণেশ টকিজ এলাকায় পৌঁছে হেঁটে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন রাহুল গান্ধী। এমনকি চলে যান দুর্ঘটনাগ্রস্ত উড়ালপুলের বিপজ্জনকভাবে ঝুলে থাকা ৪০ নম্বর পিলারের কাছেও। ওই পিলারের নিচে আটকে থাকা লরির থেকে গত শুক্রবার রাত দেড়টায় লরির খালাসির মৃতদেহ উদ্ধার করা হয়। আজও সকাল থেকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল। উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। তাঁর নিরাপত্তায় এদিন সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের দেখা যায়।
ঘটনাস্থল পরিদর্শনের পর রাহুল গান্ধী যান কলকাতা মেডিকেল কলেজে। সেখানে জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা আহতদের সঙ্গে তিনি কথা বলেন। আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রাহুল গান্ধী। তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
হাসপাতাল থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেন, ‘ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একরাশ দুঃখ নিয়ে এসেছি। আহতদের সঙ্গে কথা বলেছি। যতটা সম্ভব সাহায্য করা যায় করব।’ রাহুল গান্ধী আরো বলেন, ‘আহতদের পাশে আছি। এখানে রাজনীতির কথা বলতে আসিনি।’
পরে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোট প্রচারে বেরিয়ে পড়েন। আজ পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটি, দুর্গাপুরের গান্ধী ময়দান এবং বাঁকুড়ায় কংগ্রেসের জনসভায় উপস্থিত থাকবেন তিনি। আর আগামীকাল রোববার রাহুল গান্ধী চলে যাবেন দিল্লিতে।
মধ্যকলকাতার বিবেকানন্দ ফ্লাইওভার দুর্ঘটনায় শুক্রবার নির্মাণকারী সংস্থা আরভিআরসিএলের তিন শীর্ষ কর্মকর্তা মল্লিকার্জুন রাও, প্রদীপকুমার সাহা ও দেবজ্যোতি মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলার কথা।

কলকাতা সংবাদদাতা