কেরালার মন্দিরে আগুন, শতাধিক নিহত
ভারতের কেরালা রাজ্যের পুট্টিঙ্গাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন শতাধিক মানুষ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের শুরু বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মন্দিরে উৎসব চলাকালে শনিবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের শুরু। মন্দিরে রাতভর আয়োজিত আতশবাজি পোড়ানো দেখতে অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। অগ্নিকাণ্ডের সময়েও মন্দিরে ১০ থেকে ১৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। আহত বেশ কয়েকজনকে থিরুভানান্থাপুরামসহ আশপাশের অন্তত ১০টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ে মন্দিরের একটি ভবন ধসে পড়ে। এতেও অনেক হতাহত হন।
.jpg)
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার ভোরেই সমুদ্রের পাশের ঘটনাস্থলে পুলিশ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছেছেন। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী উমেন চান্দিও ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে গুরুতর রোগীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, একটি পটকা বিস্ফোরিত হয়ে মাটিতে রাখা আতশবাজির পাত্রের মধ্যে পড়ে। এই থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে স্থানটি খোলা হওয়ায় অনেক মানুষ ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে পেরেছেন। তবে আগুনে মন্দিরের ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্দিরে অগ্নিকাণ্ড ও শতাধিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটার বার্তায় সমবেদনার পাশাপাশি তিনি বলেন, যত দ্রুত সম্ভব তিনি কেরালা যাচ্ছেন।

অনলাইন ডেস্ক