ভারতের ওড়িশায় বাস খাদে পড়ে ৩০ জন নিহত
ভারতের ওড়িশা রাজ্যের দেওঘর জেলায় বাস খাদে পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটানায় আহত হয়েছেন আরো আটজন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভারতী গণনাট্যের ওই বাসে ৩৮ জন যাত্রী ছিলেন। এঁদের সবাই যাত্রা দলের সদস্য। বাসটি দেওঘর থেকে বারগড় জেলার রেমতায় ফিরছিল। তিলাবেনি গেলোঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় আড়াইশ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় ওড়িশা দুর্যোগ ব্যবস্থাপনা দল, দমকল ও পুলিশ।
দমকলের ডিজি বিনয় বেহেরা জানান, দুর্ঘটনাস্থল থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।
এ ঘটনায় পুলিশের ডিজি কেবি সিং জানান, আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দেওঘর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মৃতদেহ শনাক্তকরণের কাজ চলছে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা