বিক্ষিপ্ত ঘটনার মধ্যেই চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও এরই মধ্যে চলছে ভোট গ্রহণ।
সকাল থেকেই কলকাতা সংলগ্ন হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলার ৪৯টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনার আসন ৩৩টি এবং হাওড়ায় ১৬টি। দিনের শুরু থেকেই কিছু স্থানে বুথ জ্যাম হয়। এই কারণে সেসব স্থানে দেরিতে শুরু হয়েছে ভোট গ্রহণ।
বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের বের করে দেওয়া এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কিছু স্থানে ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বীজপুর এলাকায় ভোট দিতে যাওয়ার সময় ঋষভ মণ্ডল নামের এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন এবারের ভোটে রীতিমতো কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ ভোট শেষ না হওয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে দুই জেলায়। একইসঙ্গে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। এ ছাড়া ব্যাপক নজরদারি চালাচ্ছে কমিশন। বিশেষত উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারির নির্দেশ জারি করা হয়েছে।
হাওড়া জেলার জন্য ২২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলাতে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে ৬৭২ কোম্পানি। দুই জেলাতে ২২ হাজার রাজ্য পুলিশ নিযুক্ত করা হয়েছে।
আজ দুই জেলাতেই ভোট গ্রহণ শুরু হয় সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। দুই জেলা মিলিয়ে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ১২ হাজার ৪৮১টি। মোট ভোটারের সংখ্যা রয়েছে এক কোটি আট লাখ ১৭ হাজার ৩৪৫ জন। চতুর্থ দফায় মোট ৩৪০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৪০ জন।
চতুর্থ দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষিমন্ত্রী পূণেন্দু বসু, পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, অনগ্রসর শ্রেণিমন্ত্রী উপেন বিশ্বাস, কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়, সেচমন্ত্রী রাজীব বিশ্বাস। আরো রয়েছেন, সাবেক মন্ত্রী (বর্তমানে কারাগারে) তৃণমূলের প্রার্থী মদন মিত্র, সাবেক সিপিএমের মন্ত্রী অসীম দাশগুপ্ত, আব্দুস সাত্তার। এ ছাড়া বিজেপির হয়ে প্রার্থী রয়েছেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী রুপা গাঙ্গুলী, তৃণমূলের প্রার্থী ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, বৈশালী ডালমিয়া, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী প্রমুখ।

কলকাতা সংবাদদাতা