চুড়ি ধরে টান দিতেই ছিনতাইকারীকে লাঠিপেটা!
হাতের সোনার চুড়ি ধরে টান দিতেই ছিনতাইকারীকে বেধড়ক পেটালেন ৮১ বছর বয়স্ক এক বৃদ্ধা। আর তাতেই ধরাশায়ী ওই ছিনতাইকারী। শেষ পর্যন্ত ছিনতাইকারীর স্থান হয় কারাগারে।
গত বুধবার সকাল ১০টার দিকে ভারতের মুম্বাই নগরীর জি ডি আম্বেদকর রোডের ল্যান্ডমার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার সকালে নিজ বাড়ির উল্টো দিকে অবস্থিত একটি হনুমান মন্দিরে পূজা করতে যান পুষ্পাবেন দামি বেল্লা নামের এক বৃদ্ধ। ফেরার সময় নিজের বাসার ফটকের কাছে পুলিশের ছদ্মবেশে এক ব্যক্তি তাঁর পথরোধ করে দাঁড়ায়। নিজেকে পুলিশের অপরাধ দমন বিভাগের কর্মী পরিচয় দিয়ে ওই ব্যক্তি নিরাপত্তার স্বার্থে পুষ্পাবেনের হাতির চুড়ি তাকে দিতে বলে। এ সময় সে নিজের একটি ভুয়া পরিচয়পত্রও দেখায়।
ছিনতাইকারী চক্রের ওই সদস্য পুষ্পাবেনকে জানায়, এই এলাকা অত্যন্ত খারাপ। তাই নিরাপত্তাজনিত কারণে বৃদ্ধার সোনার চুড়ি যেন তাকে দিয়ে দেন। পরে বৃদ্ধার বাড়ি গিয়ে সোনার চুড়ি সে ফিরিয়ে দিয়ে আসবে।
ওই ব্যক্তির কথাবার্তায় সন্দেহ হলে বৃদ্ধা চুড়ি দিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই ছিনতাইকারী বৃদ্ধার হাত ধরে টানাটানি শুরু করে দেয়। ছিনতাইকারী বুঝতে পেয়ে পুষ্পা হাতের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন ওই ব্যক্তিকে।
এদিকে, এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটক ব্যক্তির নাম আলি রাজা আজিজ জাফারি। পুলিশের ছদ্মবেশে সে ছিনতাই করতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে ৮১ বছরের বৃদ্ধ পুষ্পাবেন জানান, এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আবার ঘটে, তাহলে একইভাবে তিনি লাঠিপেটা করে শায়েস্তা করবেন দুর্বৃত্তদের।

মনোজ বসু, কলকাতা