ভারতে ২৪ ঘণ্টায় দুই সাংবাদিক খুন
ভারতে একদিনের ব্যবধানে দুজন সাংবাদিক খুন হয়েছেন। দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে এ খুনের ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্হিারের সিওয়ান জেলায় রেলস্টেশনের কাছে দুর্বৃত্তরা হিন্দি দৈনিক ‘হিন্দুস্তান’-এর সিনিয়র রিপোর্টার রাজদেব রঞ্জনকে হত্যা করে। খুব কাছ থেকে ওই সাংবাদিকের মাথা ও ঘাড়ে গুলি করা হয়।
এ ঘটনায় বিহারে নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির পক্ষ থেকে নীতিশ কুমারকে ‘জঙ্গল মহারাজ’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের ছত্র এলাকায় ইন্দ্রদেব যাদব নামের এক সংবাদকর্মীকে খুন করে দুর্বৃত্তরা। ওই দিন মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ইন্দ্রদেবকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ইন্দ্রদেবের মৃত্যু হয়।
ইন্দ্রদেব স্থানীয় একটি টেলিভিশনের সাংবাদিক ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলায় নিহত হন তিনি।
এদিকে ইন্দ্রদেবকে হত্যার রাতে ঝাড়খণ্ডের ছত্রে পানকি উপনির্বাচনের প্রচারে ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ। তিনি সাংবাদিক খুনের ঘটনায় ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করেন।
লালু প্রসাদ নিহত সাংবাদিক ইন্দ্রদেবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্ক