বোরকা ছাড়া ছবি পোস্ট করায় সৌদি আরবে তরুণী গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে বোরকা ছাড়া ছবি পোস্ট করায় এক তরুণীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। গতকাল সোমবার দেশটির রাজধানী রিয়াদের পুলিশ এ তথ্য জানায়।
পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল-মাইমান ওই তরুণীর নাম প্রকাশ করেননি। তবে বেশ কিছু ওয়েবসাইটে তাঁর নাম মালাক আল-শেহরি বলে উল্লেখ করা হয়েছে। গত মাসে বোরকা ছাড়া ছবি প্রকাশ করে তিনি দারুণ সমালোচিত হন।
বিবৃতিতে মাইমান জানান, সাধারণ মূল্যবোধ রক্ষা তদারকির দায়িত্ব করেছেন তাঁরা। রিয়াদের ক্যাফের পাশে দাঁড়িয়ে ওই তরুণী ছবি টুইট করেন। সৌদি সমাজে বোরকা পরা আবশ্যক।
পুলিশ জানায়, ওই তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে। অনাত্মীয় লোকজনের সঙ্গে উন্মুক্ত জায়গায় কথা বলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তেলসমৃদ্ধ সৌদি আরবে নারীদের ওপর বিভিন্ন বিষয়ে কড়াকড়ি রয়েছে। এ ছাড়া বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানো নিষেধ। বাইরে বের হলে সৌদি নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নিয়ম রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া