ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট সূচি
ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। বিমান সংস্থাটি জানিয়েছে, আজ রোববার (৭ ডিসেম্বর) তারা এক হাজার ৬৫০টির বেশি ফ্লাইট পরিচালনার আশা করছে, যা গতকালের প্রায় এক হাজার ৫০০ ফ্লাইটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সংস্থার সর্বশেষ স্ট্যাটাস আপডেটে বলা হয়েছে, মোট ১৩৮টি গন্তব্যের মধ্যে ১৩৭টিতে ফ্লাইট চালু রয়েছে। একই সঙ্গে অন-টাইম পারফরম্যান্স ৭৫ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের দিন ছিল মাত্র ৩০ শতাংশ। খবর এনডিটিভির।
ইন্ডিগো জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত করা বুকিংয়ের ক্ষেত্রে বাতিল ও পুনঃতফসিলের জন্য পূর্ণ ফি-ছাড় (ফুল ওয়েভার) দেওয়া হবে। বাতিল ফ্লাইটের টিকিট রিফান্ড এবং যাত্রীদের লাগেজ ফেরত দেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানানো হয়।
এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, স্বাভাবিক সেবা পুরোপুরি ফিরিয়ে আনতে আমরা চব্বিশ ঘণ্টা কাজ করছি। যাত্রীদের সহযোগিতা কাম্য।
সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি উন্নতি
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় (এমওসিএ) জানিয়েছে, ইন্ডিগোর কার্যক্রম সংকটের কারণে সৃষ্ট ভোগান্তি দূর করতে সরকার তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নিয়েছে। অন্যান্য অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো সম্পূর্ণ সক্ষমতায় নির্বিঘ্নে ফ্লাইট পরিচালনা করছে এবং ইন্ডিগোর পারফরম্যান্সেও ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে।
অতিরিক্ত ভাড়া ঠেকাতে এয়ারফেয়ারে সীমা
সাম্প্রতিক বাতিল ফ্লাইটের কারণে চাহিদা বাড়ায় কিছু রুটে ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মন্ত্রণালয় এয়ারফেয়ারে সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট রুটগুলোতে ভাড়া সহনীয় পর্যায়ে নেমে এসেছে। সব বিমান সংস্থাকে এই নির্দেশনা কঠোরভাবে মানতে বলা হয়েছে।
রিফান্ড ও রি-শিডিউলে কড়া নির্দেশ
যাত্রীদের আর্থিক সুরক্ষায় ইন্ডিগোকে নির্দেশ দেওয়া হয়েছে, বাতিল বা মারাত্মক বিলম্বিত ফ্লাইটের সব রিফান্ড সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৮টার মধ্যে সম্পন্ন করতে হবে। এখন পর্যন্ত সংস্থাটি প্রায় ৬১০ কোটি রুপি রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাতিল ফ্লাইটের কারণে যাত্রা পুনঃতফসিলে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।
লাগেজ ডেলিভারিতে অগ্রগতি
বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের থেকে বিচ্ছিন্ন লাগেজ ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ইন্ডিগো সারা দেশে প্রায় তিন হাজার লাগেজ যাত্রীদের কাছে পৌঁছে দিয়েছে।
বিমানবন্দরে স্বাভাবিক অবস্থা
দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ ও গোয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনালগুলোতে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। চেক-ইন, নিরাপত্তা বা বোর্ডিংয়ে কোনো জটলা নেই।
যাত্রীদের আশ্বাস
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা, সুবিধা ও মর্যাদা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের বিমান চলাচল ব্যবস্থা দ্রুত পূর্ণ স্বাভাবিকতার দিকে এগোচ্ছে এবং পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নজরদারি ও সংশোধনমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক