হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হয়নি নাইটক্লাব মালিকের
ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার এড়াতে গিয়েও শেষ রক্ষা হলো না মালিক অজয় গুপ্তের। তদন্তকারীরা জানিয়েছেন, অজয় গুপ্ত মেরুদণ্ডের সমস্যার নাটক সাজিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়ে গ্রেপ্তার থেকে বাঁচার চেষ্টা করেছিলেন।
তবে তার কৌশল ব্যর্থ করে দেয় পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দিল্লির লাজপত নগরের ইনস্টিটিউট অফ ব্রেন অ্যান্ড স্পাইন থেকে অজয় গুপ্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি উত্তর গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ নামের নাইটক্লাবের মালিকদের মধ্যে একজন। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, অজয় গুপ্ত গ্রেপ্তার এড়াতে বারবার স্থান পরিবর্তন করছিলেন। এরপর ভেবেছেন তিন থেকে চারদিন হাসপাতালে থাকলে এই সময়ের মধ্যে পালিয়ে যাওয়ার অন্য পরিকল্পনা করা যাবে। তবে দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তার এই পরিকল্পনা জেনে যায়। শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে।
গণমাধ্যমের সামনে অজয় গুপ্ত দাবি করেন, তিনি কেবলমাত্র একজন অংশীদার ছিলেন। ক্লাব পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন না।
এদিকে অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরই থাইল্যান্ডের পালিয়ে যান অজয় গুপ্তের দুই অংশীদার সৌরভ লুথরা ও গৌরব লুথরা। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাতে উত্তর গোয়ার আরপোরাতে অবস্থিত ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে আগুন লাগে। এতে ২৫ জন নিহত হন, যার মধ্যে পাঁচজন পর্যটক ও ২০ জন কর্মচারী ছিলেন।
তদন্ত সূত্রে জানা গেছে, ক্লাবটির ভবনে পরিবেশগত আইন ও অগ্নিনির্বাপক নিরাপত্তা মানদণ্ড মানা হয়নি। মালিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যা এবং অবহেলার অভিযোগসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ক্লাবের চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক