ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন অন্তঃসত্ত্বা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লেভিট জানান, তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। খবর এবিসি নিউজের।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেভিট লেখেন, ক্রিসমাসের জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার—২০২৬ সালের মে মাসে আমাদের পরিবারে আসছে একটি কন্যাশিশু। তিনি আরও জানান, স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে পরিবার বড় করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রথম সন্তান শিগগিরই বড় ভাই হতে যাচ্ছে।
লেভিট আরও লেখেন, মাতৃত্ব যে সৃষ্টিকর্তার এক অনন্য আশীর্বাদ—এর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমার কাছে মাতৃত্বই স্বর্গের সবচেয়ে কাছের অনুভূতি। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের প্রতি কৃতজ্ঞতা জানান, পরিবারবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য।
২৮ বছর বয়সী ক্যারোলাইন লেভিট বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এর আগে তিনি ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় প্রেস অফিসে কাজ করেছেন এবং ২০২৪ সালের নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
২০২২ সালে নিজ রাজ্য নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি সে সময় জয়ী হতে পারেননি।
লেভিট ও তার স্বামী নিকোলাস রিচিও ২০২৪ সালে তাদের প্রথম সন্তান—নিকোলাস ‘নিকো’ রবার্ট রিচিওকে পৃথিবীতে স্বাগত জানান। এবার দ্বিতীয় সন্তানের আগমনের খবরে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা।

এনটিভি অনলাইন ডেস্ক