তীব্র ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) দিনরাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। খবর বার্তা সংস্থা এএফপির।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহর উপকূলীয় রাজধানী কোটা কিনাবালু থেকে ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্ব দিকে। তবে এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার নিচে। অনেক বেশি গভীরতার কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহর পশ্চিম উপকূল ও সারাওয়াক রাজ্যের বেশ কিছু এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম বলে মনে করছে ইউএসজিএস। মালয়েশিয়ার কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এনটিভি অনলাইন ডেস্ক