তুরস্কে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উড্ডয়নের পরপরই এই দুর্ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বালিকেসির ৯ম মেইন জেট বেস কমান্ড থেকে স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে বিমানটি একটি প্রশিক্ষণ মিশনের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটির সঙ্গে রাডার এবং রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ইস্তাম্বুল-ইজমির মহাসড়কের নিকটবর্তী নাইপলি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার নিহত পাইলটকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করেন। তাঁর নাম এয়ার ফোর্স মেজর ইব্রাহিম বোলাত।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাওলু ও বিচারমন্ত্রী আকিন গুরলেক গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কের পাশের একটি এলাকায় বিমানটি তীব্র গতিতে আছড়ে পড়ে। এতে বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তের স্বার্থে মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যানচলাচল বন্ধ রাখা হয়েছিল।
বালিকেসির চিফ পাবলিক প্রসিকিউটর অফিস এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চারজন প্রসিকিউটর নিয়োগ করে একটি উচ্চপর্যায়ের বিচারিক তদন্ত শুরু করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক