হামলার পর যে অবস্থায় আছেন ইরানি প্রেসিডেন্ট
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের অবস্থা সম্পর্কে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান নিরাপদ ও সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা হয়নি। একই তথ্য প্রকাশ করেছে মেহর ও ইসনা সংবাদ সংস্থাও। খবর এএফপির।
এর আগে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান।
এদিকে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির।
এক বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরানের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে।
ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে জনগণকে বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার।
এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
অপরদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানের রাজধানীতে যে হামলা হয়েছে তা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় ঘটেছে।

এনটিভি অনলাইন ডেস্ক