ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যেই দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা ‘নিটব্লকস’ জানিয়েছে, বর্তমানে ইরানে জাতীয় ইন্টারনেট সংযোগ মাত্র ৪ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দেশটির ৯৬ শতাংশ অঞ্চল এখন বহির্বিশ্ব থেকে ডিজিটাল যোগাযোগে সম্পূর্ণ বিচ্ছিন্ন। খবর আলজাজিরার।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে নিটব্লকস জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে ইরান এখন ‘নিয়ার-টোটাল ইন্টারনেট ব্ল্যাকআউটের’ মধ্য দিয়ে যাচ্ছে। সংস্থাটি আরও উল্লেখ করেছে, এই ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান কমব্যাট অপারেশনের ঠিক পরপরই ঘটেছে। গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময়ও ইরান ঠিক একই ধরনের পদক্ষেপ নিয়েছিল।
এদিকে, তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে। একই সময়ে বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান।

এনটিভি অনলাইন ডেস্ক