ইরানে সামরিক অভিযানে ৩ মার্কিন সেনা নিহত
ইরানে চলমান ‘মেজর কমব্যাট অপারেশন’ বা বড় ধরনের সামরিক অভিযানে প্রথমবারের মতো মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রাণহানির খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ে ৩ মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে। খবর আলজাজিরার।
সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ও গুরুতর আহতদের পাশাপাশি আরও বেশ কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টার ও বোমার আঘাতে সামান্য আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তারা পুনরায় যুদ্ধক্ষেত্রে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের বড় ধরনের সামরিক অভিযান এখনো চলমান রয়েছে। শত্রুপক্ষকে লক্ষ্য করে আমাদের আক্রমণ অব্যাহত আছে। পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল।
নিহত সেনাসদস্যদের পরিচয় এখনই প্রকাশ করা হয়নি। মার্কিন সামরিক নীতি অনুযায়ী, পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম ও পরিচয় জনসম্মুখে আনা হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশি নাগরিকসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে বর্তমানে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ইরান দাবি করেছে, তারা তাদের আকাশসীমায় বেশ কিছু মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ও তেহরানসহ প্রধান শহরগুলোতে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক