মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কনে’ চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ রোববার (১ মার্চ) বিপ্লবী গার্ড জানিয়েছে, আব্রাহাম লিঙ্কন রণতরীতে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এই মাটি ও সমুদ্র পথে ক্রমান্বয়ে আগ্রাসনকারী সন্ত্রাসীদের কবরস্থানে পরিণত করবে। খবর আলজাজিরার।
উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত জানুয়ারির শেষ দিক থেকেই আরব সাগরে অবস্থান করে মার্কিন সামরিক কার্যক্রম তদারকি করছিল।
বিপ্লবী গার্ড হামলার দাবি করলেও মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
তবে একজন মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। রণতরীটির কোনো ক্ষতি করতে পারেনি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে পেন্টাগন।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ে ৩ মার্কিন সেনা নিহত হয়। এছাড়া অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক