যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সীমিত প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় রোববার (১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
স্টারমার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ এবং নিরীহ মানুষের প্রাণহানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের অনুরোধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে। আমরা সেই অনুরোধ মেনে নিয়েছি—যাতে ইরান অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করতে না পারে এবং ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না পড়ে।
স্টারমার আরও বলেন, এই সিদ্ধান্তের ভিত্তি হলো মিত্র দেশগুলোর যৌথ আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
স্টারমার স্পষ্ট করে জানান, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নিচ্ছে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইরানের ওপর প্রাথমিক হামলায় আমরা জড়িত ছিলাম না এবং কোনো আক্রমণাত্মক সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরিকল্পনাও নেই।
তবে তিনি উল্লেখ করেন, ইরান অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশল নিয়েছে। তাই মিত্র দেশগুলোর আত্মরক্ষামূলক পদক্ষেপে যুক্তরাজ্য সহযোগিতা করছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক