সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার
চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে।
দোহায় প্রকাশিত এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মেয়াদ বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না। ভিসাধারীদের কোনো দপ্তরে উপস্থিত হওয়া বা আলাদা আবেদন করারও প্রয়োজন হবে না।
তবে মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসা সংক্রান্ত কোনো জরিমানা বা লঙ্ঘন রয়েছে, তাদের আগে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর থেকেই ভিসা মেয়াদ বৃদ্ধির সুবিধা কার্যকর হবে।
এই সিদ্ধান্ত সব ধরনের এন্ট্রি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য এবং চলমান পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাসিন্দা ও দর্শনার্থীদের আইনগত অবস্থান স্থিতিশীল রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে ভবিষ্যতে মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক