‘বার্থ ট্যুরিজম’ নিয়ে নতুন সতর্কতা মার্কিন দূতাবাসের
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ বা ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে নতুন সতর্কতা জারি করেছে দেশটি। আজ শনিবার (১৪ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ বিষয়ে সতর্ক করা হয়।
দূতাবাসের ওই পোস্টে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ সম্পূর্ণ অনুমোদিত নয়। মূলত ভিসা জালিয়াতি প্রতিরোধ, মার্কিন জনগণের করের অর্থের অপচয় রোধ এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর কারণে গত কয়েক বছর ধরেই বার্থ ট্যুরিজমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মার্কিন প্রশাসন।
উল্লেখ্য, ‘বার্থ ট্যুরিজম’ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যেখানে কোনো বিদেশি অন্তঃসত্ত্বা নারী কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে অন্য কোনো দেশে ভ্রমণ করেন, যাতে তার নবজাতক সেই দেশের নাগরিকত্ব লাভ করতে পারে।
যুক্তরাষ্ট্রে এই প্রবণতাটি বিশেষভাবে আলোচিত। কারণ দেশটির প্রচলিত আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী অধিকাংশ শিশুই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করে। ফলে কোনো বিদেশি দম্পতি যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে, সুনির্দিষ্ট কিছু আইনি ব্যতিক্রম ছাড়া সেই শিশুটি স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হয়ে যায়। এই সুযোগ কাজে লাগাতেই অনেকেই ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন, যা বর্তমানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে দেশটির কর্তৃপক্ষ।

এনটিভি অনলাইন ডেস্ক