যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল প্রমোদতরি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় ১২৯ জন যাত্রী নিয়ে চলা রিভার ক্রুজ বা প্রমোদতরি আংশিক ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউ অরলিন্স বন্দরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিসিসিপি নদীতে ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের একটি ট্যাংকার জাহাজ ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্যাডেলবোয়েট ক্রুজটিকে সজোরে ধাক্কা দেয়। এর প্রায় দুই ঘণ্টা আগেই প্রমোদতরিটি যাত্রীদের নামানোর জন্য ডেসপাচে ভিড়েছিল।
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, আমেরিকান হেরিটেজে থাকা সকল যাত্রীর খোঁজ পাওয়া গেছে এবং তাদের মধ্যে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আশঙ্কাজনক বা গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, আটলান্টিক অ্যাসফল্ট ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রুজ জাহাজটিকে ধাক্কা দেয়। যাত্রীরা যখন নামছিলেন, ঠিক তখনই নৌকাটি ডুবতে শুরু করে। একপর্যায়ে উল্টে গিয়ে পানিতে তলিয়ে যেতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশাল আকারের ওই ট্যাংকারটি প্যাডেলহুইল ক্রুজ নৌকাটিকে সজোরে আঘাত করছে। এ সময় ধাতু ও কাচ ভেঙে পড়ার শব্দ শোনা যায়। ওই সময় পানির তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস (৬৬ ডিগ্রি ফারেনহাইট)। লাইফ জ্যাকেট পরিহিত এক ডজনেরও বেশি মানুষকে নদী থেকে টেনে পাশের জাহাজে তোলা হয়.
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় টেলিভিশনকে বলেন, ঘটনাটি ছিল অবিশ্বাস্য। ধাক্কা লাগা থেকে শুরু করে নৌকাটির উল্টে যেতে মাত্র ১৫ মিনিট সময় লেগেছিল।
ঘটনার পরপরই বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং জরুরি চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বন্দরের প্রশাসনিক ভবনের ভেতরে একটি ট্রায়াজ বা জরুরি চিকিৎসা এলাকা স্থাপন করা হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে নদীর ওই অংশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নৌকাটির পরিচালনা প্রতিষ্ঠান ‘আমেরিকান ক্রুজ লাইনস’ জানিয়েছে, অতিথি ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। ২০১৫ সালে নির্মিত পাঁচ তলা বিশিষ্ট ‘আমেরিকান হেরিটেজ’ নৌকাটিতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে আট দিনের একটি ক্রুজ ভ্রমণ শেষ করে এটি ফিরছিল।
ম্যারিটাইম ট্র্যাকার সূত্রে জানা গেছে, ১৬০ মিটার (৫২০ ফুট) দীর্ঘ মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকারটি নিউ অরলিন্সের দিকে যাচ্ছিল। অ্যাসফল্ট ও বিটুমিন পরিবহণে বিশেষায়িত এই জাহাজটি সে সময় কোনো পণ্য বহন করছিল কি না এবং ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা এখনও জানা যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক