সৌদি আরবের পূর্বাঞ্চলে ইরানি হামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের
সৌদি আরবের পূর্বাঞ্চলে খুব শিগগিরই ইরান হামলা চালাতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে রিয়াদে থাকা মার্কিন দূতাবাস। আজ মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারির কথা জানিয়েছে দূতাবাসটি। খবর আলজাজিরার।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে রিয়াদের মার্কিন দূতাবাস জানায়, সৌদি আরবের দাহরানের ওপর খুব শিগগিরই ড্রোন হামলা চালাতে যাচ্ছে ইরান। এ কারণে লোকজনকে মার্কিন কনস্যুলেটে আসতে নিষেধও করে দূতাবাসটি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান উপসাগরীয় দেশ ওমানে কোনো ধরনের হামলা চালায়নি।
তবে ওমানের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে।
ওমানের বার্তা সংস্থা জানায়, দেশটির দোকুম বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলায় একটি ফুয়েল ট্যাঙ্ক আক্রান্ত হয়েছে। এছাড়া সালালাহ বন্দরেও ড্রোন হামলা চালানো হয়েছে। অবশ্য দোফার এলাকার স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলায় অংশ নেওয়া দুটি ড্রোন মাটিতে নামিয়ে আনা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক