ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজার মার্কিন সেনা ও ২০০ যুদ্ধবিমান
ইরানে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পঞ্চম দিন আজ। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার জেনারেল ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, চলমান এই হামলায় ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা, ২০০ যুদ্ধবিমান ও দুটি বিশাল বিমানবাহী রণতরী অংশ নিচ্ছে। খবর আনাদুলুর।
জেনারেল কুপার বলেন, এটি গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ।
অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানজুড়ে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এই হামলায় দুই হাজারেরও বেশি শক্তিশালী যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে।
জেনারেল কুপার দাবি করেন, ‘আমরা ইরানি নৌবাহিনীকে কার্যত নিশ্চিহ্ন করে দিচ্ছি। এখন পর্যন্ত ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে।’
ইরানও এই হামলার বিপরীতে ব্যাপক শক্তিতে পাল্টা আঘাত হেনেছে। মার্কিন হিসাব মতে, ইরান এখন পর্যন্ত ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুই হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে।
কুয়েতের একটি কৌশলগত অপারেশন সেন্টারে ইরানের হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সেন্টকম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাসহ প্রায় ১১০০ জন নিহত হয়েছেন।
ইরান কেবল ইসরায়েল নয়, বরং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে। তবে জেনারেল কুপার দাবি করেছেন, ক্রমাগত আক্রমণের ফলে ইরানের পাল্টা হামলার সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে।
বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে প্রাণহানির সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে।

এনটিভি অনলাইন ডেস্ক