ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় যা বললো স্পেন
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আজ বুধবার (৪ মার্চ) টেলিভিশন ভাষণে তিনি ঘোষণা করেন, স্পেনের অবস্থান হলো ‘নো টু ওয়ার’ বা ‘যুদ্ধের বিপক্ষে’। খবর আলজাজিরার।
সানচেজ সতর্ক করে বলেন, স্পেনের সাধারণ মানুষ এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের বিরোধী। ২০০৩ সালের ইরাক আক্রমণের উদাহরণ টেনে তিনি বলেন, সেই যুদ্ধ বিশ্বকে আরও অনিরাপদ করেছিল। একইভাবে ইরানের ওপর এই যুদ্ধ কোনোভাবেই একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা বা সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করবে না।
স্পেনের প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে ‘মানবজাতির চরম বিপর্যয়ের শুরু’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, লাখ লাখ মানুষের ভাগ্য নিয়ে ‘রাশিয়ান রুলেট’ খেলা বন্ধ করা উচিত। সানচেজের এই কঠোর অবস্থানের কারণে ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।
বিশেষ করে, ইরান বিরোধী অভিযানে মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইতোমধ্যে হুমকি দিয়েছেন, যদি স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়, তবে তিনি দেশটির সঙ্গে সকল প্রকার বাণিজ্য বন্ধ করে দেবেন।
ট্রাম্পের এই হুমকির জবাবে সানচেজ বলেন, স্পেন কেবল ভয়ের বশবর্তী হয়ে এমন কোনো কাজে অংশ নেবে না যা বিশ্বের জন্য ক্ষতিকর ও তাদের জাতীয় মূল্যবোধের পরিপন্থী। ইতোমধ্যে স্পেন তাদের ‘রোটা’ ও ‘মোরন’ নামক যৌথ সামরিক ঘাঁটি থেকে ১৫টি মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, যা জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক