ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে যে বার্তা দিল চীন
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই যুদ্ধ ‘কখনোই হওয়া উচিত ছিল না’। তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করে উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।
ওয়াং ই তাঁর বক্তব্যে সামরিক শক্তি ব্যবহারের তীব্র সমালোচনা করে বলেন, বল প্রয়োগ করে কোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘একটি শক্তিশালী মুষ্টি মানেই শক্তিশালী যুক্তি নয়। বিশ্ব কখনোই জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না।’
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরানে শাসন পরিবর্তনের চেষ্টার পেছনে কোনো জনসমর্থন নেই বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে, যুদ্ধের তীব্রতা বাড়িয়ে প্রথমবারের মতো তেহরানের বিশাল তেল সংরক্ষণাগার ও শোধনাগারগুলোতে আঘাত হেনেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এর ফলে ইরানের রাজধানীজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবিতে অটল রয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ তখনই থামবে যখন তেহরানের নেতারা ‘হার স্বীকার করে কাঁদবে’ অথবা তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হবে।
ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, এই যুদ্ধ শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমা চেয়ে হামলা বন্ধের আশ্বাস দিলেও কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে নতুন করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক