ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ মার্কিন জ্বালানি বিমান ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর পাঁচটি জ্বালানি পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। বর্তমানে বিমানগুলো মেরামতের কাজ চলছে। এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত খার্গ দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তুগুলো ‘ধ্বংস’ করেছে। তিনি আরও বলেছেন, পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো।
তেহরানে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইরানের রাজধানীতে হাজার হাজার মানুষের সমাবেশের পরপরই এক ‘বিশাল বিস্ফোরণে’ কেঁপে ওঠে শহরটি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪৫০ ছাড়িয়েছে, যার মধ্যে ১০৩ জন শিশু রয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসক নিহত হয়েছেন।
ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে কাতার এবং বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক