অবিলম্বে ইরাক ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্কতা
নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (১৪ মার্চ) জারি করা এক নিরাপত্তা সতর্কতায় দূতাবাস জানায়, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালাতে উৎসাহ দিচ্ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়, বাগদাদের কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল জোনে একাধিকবার হামলা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে এলাকাটি এখনও সীমিতভাবে বন্ধ রয়েছে।
এছাড়া এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখানে অবস্থিত মার্কিন কনস্যুলেটের আশপাশেও বারবার হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
দূতাবাস মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে, চলমান নিরাপত্তা ঝুঁকির কারণে বাগদাদ দূতাবাস বা এরবিল কনস্যুলেটে যাওয়ার চেষ্টা না করতে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরাকের জন্য তাদের লেভেল–৪ ‘ডু নট ট্রাভেল’ সতর্কতা পুনর্ব্যক্ত করেছে। এতে বলা হয়েছে, দেশটিতে সন্ত্রাসবাদ, অপহরণ, সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি অত্যন্ত বেশি এবং সেখানে জরুরি পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত।
সতর্কবার্তায় বলা হয়, কোনো কারণেই ইরাকে ভ্রমণ করবেন না। যদি বর্তমানে সেখানে অবস্থান করেন, তাহলে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করুন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ওই হামলার জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন এলাকাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক