ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৮৫০
গত দুই সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৮৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৬ জন নারী, ১০৭ জন শিশু ও ৩২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া ভয়াবহ এই সংঘাতের ফলে এখন পর্যন্ত ২ হাজার ১০৫ জন মানুষ আহত হয়েছেন। খবর এএফপি ও আলজাজিরার।
অন্যদিকে, লেবাননের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইসরায়েল। আগামী কয়েক দিনের মধ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে বলে হ্যারেটজ পত্রিকার একটি প্রতিবেদন প্রকাশিত হলেও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী গিডিওন সার তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
গিডিওন সার আরও জানিয়েছেন, ইসরায়েলের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সরঞ্জামের সংকট দেখা দিয়েছে এবং এ নিয়ে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, সেটিও মিথ্যা। এই উভয় প্রতিবেদনের কোনো ভিত্তি নেই।
মাঠপর্যায়ে লড়াইয়ের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের তায়েবেহ শহরের কাছে একটি ইসরায়েলি মারকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে আঘাত হেনেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, ওই সফল হামলার ফলে ট্যাঙ্কটিতে দ্রুত আগুন ধরে যায়।

এনটিভি অনলাইন ডেস্ক