প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একাধিক আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
ইসরায়েলের ২৬তম নেসেটের (সংসদ) উদ্বোধনী দিনেই বড় চমক দেখিয়েছে দেশটির বিরোধী দলগুলো। সাবেক সেনাপ্রধান ও ইয়াশারের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক সংসদীয় অধিবেশন শুরু হওয়ার পরপরই বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার বিষয়ে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসরায়েল’ প্রতিবেদন অনুযায়ী, নতুন সংসদের উদ্বোধনী কার্যদিবসেই আইজেনকোটের ইয়াশার দল এবং ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ পার্টির পক্ষ থেকে নেতানিয়াহু সরকারের বিতর্কিত একাধিক আইন বাতিলের এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়।
উত্থাপিত বিল ও প্রস্তাবগুলোর মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো-
৭ অক্টোবর তদন্ত কমিশন গঠন : ২০২৩ সালের ৭ অক্টোবরের নজিরবিহীন নিরাপত্তা ব্যর্থতা এবং গোয়েন্দা ত্রুটির প্রকৃত কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন।
প্রধানমন্ত্রীর পদের মেয়াদসীমা নির্ধারণ : দেশের প্রধানমন্ত্রী পদের জন্য নির্দিষ্ট মেয়াদ বা সীমা আইনগতভাবে নির্ধারণ করার প্রস্তাব।
বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার বাতিল : বিদায়ী সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় ওভারহোল বা সংস্কার এজেন্ডার আওতায় পাস হওয়া আইনগুলো সম্পূর্ণ বাতিল করা। এর মধ্যে বিশেষভাবে রয়েছে— অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন, বিচারক নিয়োগ সংক্রান্ত নির্বাচন কমিটির আইন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির মাধ্যমে পাশ করানো বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন।
অন্যান্য আইনি সংস্কার প্রস্তাব : ইয়াশারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ‘অযোগ্য বা অক্ষম’ ঘোষণা করার আইনি শর্তগুলো সীমিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
পাশাপাশি, ডেমোক্র্যাটস পার্টির পক্ষ থেকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সরকারি পদে বহাল থাকার ওপর কঠোর নিষেধাজ্ঞা, শনিবারে (শাবাত) সরকারিভাবে গণপরিবহণ চালুর অনুমতি, সিভিল ম্যারেজ বা নাগরিক বিয়ের প্রচলন, হারিদি সম্প্রদায়ের স্কুলগুলোর আইনি মর্যাদা নিয়ন্ত্রণ, দেশের মৌলিক আইনে সমতার অধিকার নিশ্চিত করা এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার সম্প্রসারণের বিলও জমা দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদীয় অধিবেশনের শুরুতেই বিরোধীদের এই সমন্বিত ও কঠোর আইনি পদক্ষেপ বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান রাজনৈতিক অবস্থানকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। নেসেটের প্রথম দিন থেকেই এই বিলগুলো নিয়ে ইসরায়েলের রাজনীতিতে তীব্র উত্তেজনা ও বড় ধরনের মেরুকরণ শুরু হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক