কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
কাতারের আঞ্চলিক জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। হেলিকপ্টারটিতে মোট ৭ জন আরোহী ছিলেন, যার মধ্যে একজন এখনও নিখোঁজ রয়েছেন। খবর আলজাজিরার।
কাতার এনার্জি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, একটি রুটিন মিশনে থাকা অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই কাতারের বিশেষায়িত উদ্ধারকারী দল এবং উপকূলীয় সুরক্ষা বাহিনী সাগরে ব্যাপক তল্লাশি শুরু করে। এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি একজনকে খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। আল জাজিরার প্রতিবেদক জেইন বাসরভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে যান্ত্রিক গোলযোগের বিষয়টি সামনে এলেও পূর্ণাঙ্গ কারণ উদঘাটনে কাজ চলছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই দুর্ঘটনা ঘটলেও, এর সঙ্গে কোনো বৈরী হামলার সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে কাতার কর্তৃপক্ষ।

এনটিভি অনলাইন ডেস্ক