ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে এবং তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যেকোনো ধরনের সামরিক হামলা আগামী পাঁচ দিনের জন্য ‘স্থগিত’ রাখবেন। এরফলে, আজ সোমবার (২৩ মার্চ) রাতের মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয় তবে তাদের বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলা করা হবে—নিজের দেওয়া সেই হুমকি থেকে তিনি আপাতত সরে এলেন। খবর সিএনএনের।
আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা কাউন্সিল হুমকি দিয়ে বলেছে, যদি তাদের উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো আক্রমণ করা হয়, তবে তারা পুরো পারস্য উপসাগর জুড়ে জল-মাইন স্থাপন করে তা অবরুদ্ধ করে দেবে।
এদিকে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও লেবাননে নিহতের সংখ্যা এখন কয়েক হাজারে পৌঁছেছে। আজ সকালেও বিস্তৃত অঞ্চলজুড়ে হামলা অব্যাহত ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানে বোমা হামলার খবর দিয়েছে। অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে, তারা তাদের রাজধানী রিয়াদ অভিমুখে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করেছে।
ইরানের প্রতিরক্ষা কাউন্সিল আজ সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা দ্বীপে আক্রমণের কোনো চেষ্টা করে, তবে স্বাভাবিকভাবেই সামরিক রীতি অনুযায়ী পারস্য উপসাগর ও উপকূলীয় এলাকার সমস্ত প্রবেশপথ এবং যোগাযোগ পথে বিভিন্ন ধরনের নৌ-মাইন স্থাপন করা হবে। এর মধ্যে উপকূল থেকে স্থাপনযোগ্য ‘ড্রিফটিং মাইন’ও (স্রোতে ভাসমান মাইন) অন্তর্ভুক্ত থাকবে।’
ইরানের এই প্রতিরক্ষা কাউন্সিলটি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে পরিচালিত হয়। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের পর এই কাউন্সিলটি গঠন করা হয়েছিল।
গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নতুন মাত্রা পায়। সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি ট্রাম্প ইরানের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দেওয়ারও হুমকি দেন।
এর জবাবে ইরান কড়া প্রতিক্রিয়া প্রকাশ করে বলে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি কার্যকর করেন, তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী এই হুমকি প্রদান করে।
ইরানের সামরিক অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, ‘যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষয়ে মার্কিন হুমকি কার্যকর করা হয়... তবে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে এবং আমাদের ধ্বংস হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত এটি আর খোলা হবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরান ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। সেই সঙ্গে এই অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এবং যেসব কোম্পানিতে মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও আঘাত হানা হবে।’ দেশটির সামরিক বাহিনী জানায়, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় এই পদক্ষেপগুলো নেওয়া হবে।
উল্লেখ্য যে, স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ পথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। অ্যানালিটিক্স ফার্ম 'কপলার'-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুদ্ধের আগের তুলনায় মাত্র ৫ শতাংশ জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করতে পারছে।

এনটিভি অনলাইন ডেস্ক