পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্পের ১৫ দফার শান্তি প্রস্তাবে কী আছে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ১৫ দফার শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস ও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সরকারের মাধ্যমে তেহরানের কাছে এই বিশেষ প্রস্তাবটি পাঠিয়েছে ওয়াশিংটন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনা। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা। খবর দ্য গার্ডিয়ানের।
প্রস্তাবিত এই শান্তি পরিকল্পনার বলা হয়েছে, ইরানকে তার বর্তমান সমস্ত পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে এবং ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে স্থায়ী অঙ্গীকার করতে হবে। এছাড়া ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাছে হস্তান্তর করার শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো অকেজো করে দেওয়ার কথা বলা হয়েছে এই প্রস্তাবে।
এই পরিকল্পনায় কৌশলগত সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে, ইরানকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি সম্পূর্ণ উন্মুক্ত রাখার নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বা প্রক্সি গ্রুপগুলোকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ করার শর্তও যুক্ত করা হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া বুশেহরে বেসামরিক কাজে ব্যবহারের জন্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কারিগরি সহায়তা এবং ইরানের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাবও রাখা হয়েছে এই ১৫ দফায়।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনার প্রক্রিয়া শুরু করতে প্রাথমিকভাবে এক মাসের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে পাকিস্তান এই আলোচনার মধ্যস্থতা করতে আগ্রহী হলেও ইরান প্রকাশ্যে কোনো ধরনের সরাসরি আলোচনার কথা অস্বীকার করছে। তেহরানের দাবি, তারা এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। একই সঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা কোনো চুক্তিতে যাবে না। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। তাঁর অভিজ্ঞ দল ইতোমধ্যে তেহরানের মঙ্গে যোগাযোগ বজায় রাখছে।

এনটিভি অনলাইন ডেস্ক