হোয়াইট হাউসের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণ প্রকল্পে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন আদালত। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই প্রকল্প এগিয়ে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন বিচারক।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন এ বিষয়ে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। ঐতিহাসিক সংরক্ষণবাদী সংগঠন ন্যাশনাল ট্রাস্ট ফর হিসটোরিক প্রিসারভেশন এই প্রকল্পের বিরুদ্ধে মামলা করেছিল। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে নতুন ভবন নির্মাণের মাধ্যমে ক্ষমতার সীমা অতিক্রম করেছে। খবর আল জাজিরার।
রায়ে বিচারক লিওন বলেন, প্রেসিডেন্ট যে ক্ষমতার দাবি করছেন, তা দেওয়ার মতো কোনো আইন নেই। ফলে মামলায় ন্যাশনাল ট্রাস্টের জয়ের সম্ভাবনাই বেশি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য হোয়াইট হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন, কিন্তু তিনি এর মালিক নন।
বিচারক স্পষ্ট করেন, কংগ্রেস থেকে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত এই প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রাখতে হবে। তবে হোয়াইট হাউসের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় কাজ এ আদেশের আওতার বাইরে থাকবে।
৯০ হাজার বর্গফুটের এই বলরুম প্রকল্পটি মামলার কার্যক্রম চলাকালীন স্থগিত থাকবে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনকে আপিল করার সুযোগ দিতে ১৪ দিনের জন্য আদেশ স্থগিত রাখার কথাও উল্লেখ করেন বিচারক। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিচার বিভাগের পক্ষ থেকে ওয়াশিংটন ডিসি সার্কিট কোর্ট অব আপিলসে আপিল করা হয়।
রায়ের পর ন্যাশনাল ট্রাস্টের প্রেসিডেন্ট ক্যারল কুইলেন বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি বড় জয়। কারণ এই প্রকল্পটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতীকী স্থানের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারত।
অন্যদিকে, সামাজিক মাধ্যমে ট্রাম্প এই সংগঠনকে ‘বামপন্থী উন্মাদদের দল’ বলে আখ্যা দিয়ে দাবি করেন, তার বলরুম প্রকল্প বাজেটের মধ্যে, নির্ধারিত সময়ের আগেই এবং করদাতাদের কোনো অর্থ ছাড়াই নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য, রিপাবলিকান নেতা ট্রাম্প এই বলরুমকে হোয়াইট হাউসের একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং তার প্রেসিডেন্সির প্রতীক হিসেবে তুলে ধরছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক