ইরান যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে : ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। খবর বিবিসির।
বিবৃতিতে ট্রাম্প ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নাম সরাসরি উল্লেখ না করলেও তাকে ‘পূর্বসূরিদের চেয়ে অনেক কম উগ্রপন্থি এবং অনেক বেশি বুদ্ধিমান’ বলে বর্ণনা করেছেন।
তবে যুদ্ধবিরতির প্রস্তাবের কথা বললেও ট্রাম্প অত্যন্ত কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যখন সম্পূর্ণভাবে ‘খোলা, মুক্ত এবং নিরাপদ’ হবে, কেবল তখনই যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায় ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার বা ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় ন্যাটোর সমালোচনা করে জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এর আগে তিনি দাবি করেছিলেন, ইরানে মার্কিন সামরিক অভিযান মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, চলতি সপ্তাহে হরমুজ প্রণালি সংকট নিয়ে কয়েক ডজন দেশের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করবে যুক্তরাজ্য।
বিশ্লেষকদের মতে, স্টারমারের এই উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরালো করার একটি কৌশলী পদক্ষেপ।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিবাচক সদিচ্ছা দেখালেও একটি বড় শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তেহরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, যদি শত্রুপক্ষ এই নিশ্চয়তা দেয় যে ভবিষ্যতে তারা আর কখনো ইরানে হামলা চালাবে না।

এনটিভি অনলাইন ডেস্ক