ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কোথায়? যা জানালেন রুশ রাষ্ট্রদূত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এ সময়ের মধ্যে তিনি কয়েকটি বিবৃতি দিলেও সেগুলো রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়েছে, তিনি সরাসরি উপস্থিতি ছিলেন না। ফলে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এই জল্পনার মধ্যে ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি ডেডভ জানিয়েছেন, মোজতবা খামেনি দেশেই অবস্থান করছেন। রুশ সংবাদমাধ্যমকে আরটিভিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বোধগম্য কারণেই’ তিনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। খবর এনডিটিভির।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর তার স্থলাভিষিক্ত হন ছেলে মোজতবা খামেনি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নতুন এই নেতা আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থাও ভালো নয়।
এদিকে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য মোজতবা খামেনিকে মস্কোতে নেওয়া হয়েছে। যদিও রুশ রাষ্ট্রদূতের বক্তব্যে এ দাবি নাকচ করা হয়েছে এবং তেহরানের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে।
নতুন নেতার দীর্ঘ অনুপস্থিতি সত্ত্বেও ইরানে তার প্রতি সমর্থন অব্যাহত রয়েছে। গত এক মাসে হাজারো মানুষ রাস্তায় নেমে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানছে।
তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মোজতবা খামেনির প্রকাশ্যে না আসা দেশটির ক্ষমতার কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে যে, বাস্তবে কে দেশ পরিচালনা করছে?

এনটিভি অনলাইন ডেস্ক