ইরানের খার্গ দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র
ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, খার্গ দ্বীপে হামলা চালালেও লক্ষ্যবস্তু তেল শোধনাগার ছিল না।
ইরানের রেলওয়ে, সেতু, সড়কেও হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।
এর আগে গত ১৩ মার্চ খার্গ দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই সময় ৯০টি লক্ষ্যে হামলা চালানো হয়। এর মধ্যে নৌ মাইন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র সংরক্ষণ বাংকার এবং একাধিক সামরিক স্থাপনা ছিল।
এদিকে আজকে রাতেই হামলা জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলার জন্য দেওয়া আলটিমেটামের সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।
ট্রাম্প বলেন, আমি চাই না এমনটি ঘটুক। তবে এমন কিছুই সম্ভবত ঘটতে চলেছে।
সামগ্রিক শাসনের পরিবর্তন সম্পন্ন করেছি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীদের দিয়ে সবকিছু সাজানো হয়েছে, আশা করছি চমৎকার বৈপ্লবিক কিছু ঘটতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, কে জানে কী হবে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান ঘটবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!

এনটিভি অনলাইন ডেস্ক