ইসরায়েলি হামলা চললেও যুদ্ধবিরতি মেনে নিল হিজবুল্লাহ
লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ ও সামরিক অভিযানের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি মেনে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার (৮ এপ্রিল) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর ঘনিষ্ঠ তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
চুক্তির শর্তানুযায়ী, বুধবার ভোরের প্রথম প্রহর থেকেই হিজবুল্লাহ উত্তর ইসরায়েল এবং লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও গোলাবর্ষণ বন্ধ করে দিয়েছে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তির অংশ হিসেবেই হিজবুল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে হিজবুল্লাহ হামলা বন্ধ করলেও দক্ষিণ লেবাননে বিমান হামলা ও সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমনকি দক্ষিণ লেবাননের একটি শহরের বাসিন্দাদের জন্য নতুন করে এলাকা ত্যাগের নির্দেশ জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফলে হিজবুল্লাহর একতরফা যুদ্ধবিরতি পালনের পরও ইসরায়েলি ভূখণ্ডে বা লেবাননের রণাঙ্গনে উত্তেজনা কতটা কমবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক