বিশেষজ্ঞ দল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে বলে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ প্রতিবেদন প্রকাশ করেছে। নিজেদের কারিগরি কমিটির সঙ্গে বৈঠকের পর এখন বিশেষজ্ঞ দল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুপক্ষ। খবর ডনের।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্য উর্ধ্বতন নেতারাও রয়েছেন।
পিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক এবং আইনি কারিগরি কমিটিগুলো ইতিমধ্যে বৈঠক করেছে এবং দুই পক্ষের আলোচকদের সঙ্গে তাদের বিশেষজ্ঞ দলও যোগ দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকা অবস্থায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এই সংঘাত গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর সাময়িকভাবে বন্ধ হয়।
ইরানি প্রতিনিধিদলের সঙ্গে শেহবাজ শরীফের সাক্ষাৎ
মূল আলোচনা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ ‘ইসলামাবাদ আলোচনায়’ ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ আলোচনায় ইরানের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অর্থবহ ফলাফল অর্জনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
পাকিস্তানের পক্ষে এই বৈঠকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাভকি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রী শেহবাজকে গালিবাফ এবং আরাগচির সঙ্গে কোলাকুলি ও করমর্দন করতে দেখা গেছে।
জেডি ভ্যান্সের সঙ্গে শেহবাজ শরীফের সাক্ষাৎ
দিনের শুরুতে পাকিস্তানে পৌঁছানো জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেহবাজ।
মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, উভয় প্রতিনিধিদলের গঠনমূলক আলোচনার প্রতিশ্রুতিকে প্রশংসা করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, এই আলোচনা অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
বিবৃতিতে আরও বলা হয় যে, প্রধানমন্ত্রী আবারও পুনর্ব্যক্ত করেছেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতির লক্ষ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পাকিস্তান উন্মুখ হয়ে আছে। এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ইসহাক দার এবং মহসিন নাকভি উপস্থিত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক