ইরানে নতুন করে হামলার পরিকল্পনা ট্রাম্পের
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান দুদেশের ‘ম্যারাথান বৈঠকেও’ কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। শান্তি আলোচনা রীতিমতো ভেস্তে গেছে। এমন পরিস্থিতিতে ইরানে নতুন করে হামলার পথে হাঁটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১২ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু।
প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণমিক কর্মসূচি থেকে সরে আসার বিষয়টি প্রত্যাখ্যান করায় হামলার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প।
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের পাশাপাশি এই হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কিছু বিশ্লেষকের মতে, ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে ট্রাম্প নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
গত শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২১ ঘণ্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, গত ২১ ঘণ্টা ধরে আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এই মুহূর্তে এটাই ভালো খবর। তবে বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি। জেডি ভ্যান্স বলেন, খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তি পৌঁছাতে পারিনি। আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।
যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ বা অগ্রহণযোগ্য সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছে। কোন বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোন বিষয়ে নয়, তা পরিষ্কার করা হয়েছে। কিন্তু ইরান সেই শর্ত মেনে নেয়নি বলেই চুক্তি হয়নি বলে জানান জেডি ভ্যান্স।

এনটিভি অনলাইন ডেস্ক