টানা বাড়ার পর কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে টানা কয়েক দফা দাম বাড়ার পর অবশেষে নিম্নমুখী হয়েছে স্বর্ণের দাম। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে এক মাসে সর্বোচ্চ বাড়ার পর স্বর্ণের দাম কিছুটা হ্রাস পেয়েছে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের নতুন করে হিসাব-নিকাশের ফলে বাজারে এই দরপতন দেখা গেছে। খবর রয়টার্সের।
বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক ছয় শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৮০৯ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি গত ১৮ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, এটি বাজারের একটি স্বাভাবিক দর সংশোধন বা প্রফিট টেকিং।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দিয়েছেন। তিনি বিশ্বকে এক ‘অসাধারণ দুই দিনের’ জন্য অপেক্ষা করতে বলেছেন। তবে মাঠপর্যায়ে এখনো উত্তেজনা বিরাজ করছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তেলের দাম চড়া রয়েছে।
শিকাগো ফেডের প্রেসিডেন্ট অস্টান গুলসবি করেছেন, যুদ্ধের কারণে তেলের উচ্চমূল্য বজায় থাকলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এমনটা হলে ফেডারেল রিজার্ভকে সুদের হার কমানোর জন্য ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়। বর্তমানে বাজার বিশ্লেষকরা এই বছর সুদের হার কমানোর মাত্র ৩১ শতাংশ সম্ভাবনা দেখছেন।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম এক দশমিক দুই শতাংশ কমে প্রতি আউন্স ৭৮ দশমিক ৬১ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক এক শতাংশ কমলেও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক