‘আলোচনার চেয়ে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি’
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে এক নেতিবাচক পূর্বাভাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মোস্তফা খোশচেশম। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার কোনো কার্যকর সম্ভাবনা নেই ও যেকোনো আলোচনার চেয়ে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বেশি।
তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক খোশচেশম বলেন, হরমুজ প্রণালিতে ইরানের পুনরায় বিধিনিষেধ আরোপ করা মূলত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের সরাসরি ফল। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রণালিটি উন্মুক্ত রাখার কথা থাকলেও মার্কিন নৌ অবরোধ সেই চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এর পাশাপাশি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন করে অতিরিক্ত সৈন্য ও সামরিক সরঞ্জাম মোতায়েনকেও শর্ত ভঙ্গ হিসেবে দেখছে তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে অধ্যাপক খোশচেশম বলেন, ইরান সীমিত পরিসরে প্রণালিটি খুলে দেওয়ার চেষ্টা করার পরপরই ট্রাম্প গণমাধ্যমে ‘মিথ্যা বিবৃতি’ দিয়েছেন।
অধ্যাপক খোশচেশমের মতে, ট্রাম্প প্রতি ঘণ্টায় নিজের অবস্থান পরিবর্তন করছেন, যা পরিস্থিতিকে যেকোনো সময়ের চেয়ে বেশি জটিল করে তুলেছে।
ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এই বিশ্লেষক বলেন, ‘যিনি প্যারিস জলবায়ু চুক্তি, ন্যাটো প্রতিশ্রুতি ও একাধিক আন্তর্জাতিক চুক্তি অনায়াসে পরিত্যাগ করতে পারেন, তার সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। তিনি জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদের প্রতি কোনো সম্মান দেখান না।’
অধ্যাপক মোস্তফা খোশচেশমের এই কড়া মন্তব্য এমন এক সময়ে এল যখন আন্তর্জাতিক মহলে মার্কিন-ইরান শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। তবে তেহরানের এই বিশেষজ্ঞের মতে, মাঠপর্যায়ের সামরিক প্রস্তুতি ও আস্থার অভাব পুরো অঞ্চলকে পুনরায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক