ইরানকে ব্ল্যাকমেইল করতে দেব না : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও আলোচনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় তিনি জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করার সুযোগ দেওয়া হবে না। খবর বিবিসির।
সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, বর্তমানে ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে। তবে তিনি অভিযোগ করেন, ইরান গত ৪৭ বছর ধরে যে ধরনের ‘চালাকি’ করে আসছে, এখনো তেমনই কিছু করার চেষ্টা করছে।
ইরানি নেতাদের হরমুজ প্রণালি বন্ধ করার হুমকির বিষয়ে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারা (ইরান) হরমুজ প্রণালি বন্ধ করে দিতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের ব্ল্যাকমেইল করতে দেবে না।’ তিনি আরও যোগ করেন, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করছে।
সংঘাত নিয়ে সাংবাদিকদের সরাসরি কোনো প্রশ্নের উত্তর না দিলেও ট্রাম্প একটি রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইরান সম্পর্কে ‘দিনের শেষে কিছু তথ্য পাওয়া যাবে।’ তবে সেই তথ্যটি ঠিক কী হতে পারে বা আলোচনার কোনো নতুন মোড় কি না, তা নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এনটিভি অনলাইন ডেস্ক