ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কবে?
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়া নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গত ৭ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। সে হিসেবে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। খবর আলজাজিরার।
সোমবার (২০ এপ্রিল) ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি এই যুদ্ধবিরতির মেয়াদ স্থানীয় সময় ‘বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত কার্যকর বলে গণ্য করছেন। একই সঙ্গে তিনি অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা বা ‘ডিল’ না হলে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন : পাঁচ দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
আরও পড়ুন : ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার
অন্যদিকে আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানি সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাত ৮টায় (পূর্বাঞ্চলীয় মানসময়) আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির অবসান ঘটবে।
আন্তর্জাতিক সময় অনুযায়ী এটি বুধবার দিনগত মধ্যরাত ও ইরানের সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ৩০ মিনিট। পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও ইরান তাতে অংশ নিতে অস্বীকৃতি জানায়।
বর্তমানে হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি সামরিক অবস্থান ও তেহরানের ওপর ওয়াশিংটনের অনড় নৌ-অবরোধের কারণে এই যুদ্ধবিরতি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে ইরান যদি মার্কিন শর্ত মেনে চুক্তিতে না আসে, তবে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক