ইরানে মোসাদের গুপ্তচর সন্দেহে উচ্চপদস্থ কর্মকর্তার ফাঁসি
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে ইরানের সিভিল ডিফেন্সের এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম মেহেদী ফরিদ। মিজান নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ ভোরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প!
আরও পড়ুন : ইরান যুদ্ধে অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের!
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেহেদী ফরিদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ সাংগঠনিক তথ্য, স্পর্শকাতর স্থাপনার নকশা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত নথি পাঠানোর চেষ্টার কথা স্বীকার করেছিলেন। ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে তাঁর সরাসরি সংশ্লিষ্টতা ছিল বলে আদালত পর্যবেক্ষণে জানানো হয়।
উল্লেখ্য, গতকাল আমির আলী মিরজাফারি নামে অন্য এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। যার বিরুদ্ধেও মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা ও মসজিদে অগ্নিসংযোগের অভিযোগ ছিল। চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ও বিদেশি গোয়েন্দা তৎপরতা নস্যাৎ করতে বিচারিক প্রক্রিয়ায় কঠোর অবস্থান বজায় রাখছে তেহরান।
সূত্র : মিডল ইস্ট আই

এনটিভি অনলাইন ডেস্ক