মজুত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ব্যবহার করেনি ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মাঝেও নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানিয়েছেন, ইরানের হাতে থাকা বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশই এখনও যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়নি।
আজ শনিবার (২৫ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘প্রেস টিভির’ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মুখপাত্র রেজা তালাইনিক বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরান ব্যাপক অস্ত্র খরচ করলেও তাদের প্রতিরক্ষাব্যবস্থা ও পাল্টা আঘাত হানার সক্ষমতা এখনও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইরানে এখনও এক হাজারের বেশি ধরনের অস্ত্র উৎপাদিত হচ্ছে। এই উৎপাদন ব্যবস্থা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার দেশীয় কোম্পানি এই কাজে সহায়তা করছে। তিনি জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ যেকোনো স্থাপনায় হামলা চালালেও আমাদের সামগ্রিক অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বন্ধ হবে না।
আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আভাস, যেসব বিভাগে সতর্ক সংকেত
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন
আরও পড়ুন : ইরানি জাহাজ আটকাল যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার
হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থান আবারও স্পষ্ট করেছেন তালাইনিক। তিনি এই কৌশলগত জলপথকে ইরানের ‘নিয়ন্ত্রণের লিভার’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইরান এই জলপথের প্রভাব ব্যবহার করে নিকটবর্তী সমুদ্রসীমার উন্নয়ন ও আঞ্চলিক রাজনীতিতে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখছে।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই বক্তব্য মূলত ওয়াশিংটন ও তেল আবিবকে দেওয়া একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জোরদার করার চেষ্টা করছে, তখন ‘অব্যবহৃত মিসাইল ভাণ্ডার’ এবং ‘অবিরাম অস্ত্র উৎপাদনের’ ঘোষণা দিয়ে তেহরান নিজেদের সক্ষমতা প্রদর্শন করল।
সূত্র : মিডল ইস্ট আই

এনটিভি অনলাইন ডেস্ক