‘বাইবেলের হারানো গোত্রে’র দুই শতাধিক ভারতীয় তেল আবিবে
২৪০ জন ভারতীয় নাগরিক বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেল আবিব বিমানবন্দরে পৌঁছেছেন। ইসরায়েল সরকারের একটি বিশেষ পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের দেশটিতে স্থানান্তর করা হচ্ছে। এসব ভারতীয় নাগরিক নিজেদেরকে ‘বাইবেলের একটি হারানো গোত্রের বংশধর’ বলে দাবি করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিমানবন্দরে নীল-সাদা বেলুন ও ইসরায়েলি পতাকার রঙে সজ্জিত আর্চের নিচ দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিতরা ঐতিহ্যবাহী ইহুদি সংগীত পরিবেশন করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ইসরায়েল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ও মিজোরাম থেকে প্রায় ৬ হাজার ‘বনি মেনাশে’ সম্প্রদায়ের মানুষকে ইসরায়েলে স্থানান্তরের পরিকল্পনার অংশ হিসেবে এটি প্রথম দফার স্থানান্তর। গত বছরের নভেম্বরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সম্প্রদায় দাবি করে, তারা বাইবেলের মেনাশে গোত্রের বংশধর- যাদেরকে খ্রিস্টপূর্ব ৭২০ সালে অ্যাসিরীয় বিজয়ের পর নির্বাসিত করা হয়েছিল।
ইসরায়েলের ইন্টিগ্রেশন মন্ত্রণালয় জানিয়েছে, আগতদের উত্তর ইসরায়েলে পুনর্বাসন করা হবে। তবে ইসরায়েলি নাগরিকত্ব পেতে তাদের ইহুদি ধর্মে আনুষ্ঠানিক ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ইসরায়েলের শাভেই ইসরায়েল সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার বনি মেনাশে ইসরায়েলে অভিবাসন গ্রহণ করেছেন এবং এখনও প্রায় ৭ হাজার জন ভারতে অবস্থান করছেন।
ইসরায়েলের অভিবাসনমন্ত্রী ওফির সোফার এই ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে প্রতি বছর আরও ১২০০ জনকে স্থানান্তরের পরিকল্পনার কথা জানান।
ভারতের মণিপুর রাজ্যে বিগত কয়েক বছরে হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক