জ্বালানি সংকট : বন্ধ হলো ৩৪ বছরে পুরোনো মার্কিন বিমান সংস্থা
দীর্ঘ ৩৪ বছর আকাশপথে সেবা দেওয়ার পর অবশেষে কার্যক্রম পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইনস। ইরান যুদ্ধের প্রভাবে জেট জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলা করতে না পেরে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে অবিলম্বে এয়ারলাইনসটির সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।
বিগত দুই বছরেরও কম সময়ের মধ্যে স্পিরিট এয়ারলাইনস দুইবার দেউলিয়া হওয়ার (চ্যাপ্টার ১১ ব্যাংক্রাপসি) আবেদন করেছিল। পরিস্থিতি উত্তরণে সরকারি আর্থিক সহায়তা বা ‘বেলআউট’ পাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। বিমান সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রায় ১৭ হাজার কর্মী তাদের কর্মসংস্থান হারিয়েছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। চলমান এই যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বর্তমানে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। জ্বালানি তেলের এই আকাশচুম্বী দাম বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার প্রত্যক্ষ শিকার হলো এই স্বল্প খরচে সেবা প্রদানকারী বিমান সংস্থাটি।
সূত্র : আলজাজিরা

এনটিভি অনলাইন ডেস্ক