গাজার ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ, উদ্ধারে লাগতে পারে ৭ বছর
দুই বছরব্যাপী ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এখনও অন্তত ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ স্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, গাজায় ধ্বংসস্তূপ অপসারণের গতি এতটাই ধীর যে এই কাজ শেষ করতে সাত বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত মোট ধ্বংসস্তূপের এক শতাংশেরও কম অংশ পরিষ্কার করা সম্ভব হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রিয়জনদের দেহ উদ্ধার করে সম্মানের সঙ্গে সমাহিত করার অপেক্ষায় প্রহর গুনছে হাজার হাজার শোকাতুর পরিবার।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর পুনর্গঠন ব্যয় প্রায় ৭০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। গত অক্টোবরে একটি তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েল প্রতিদিন তা লঙ্ঘন করে চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় আরও ৮২৮ জন ফিলিস্তিনি নিহত ও ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।
দুই বছরের এই ভয়াবহ অভিযানে গাজায় এ পর্যন্ত ৭২ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজার জন আহত হয়েছেন। দীর্ঘমেয়াদী এই মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : আলজাজিরা

এনটিভি অনলাইন ডেস্ক