ভোট গণনার মধ্যেই মমতার জরুরি বার্তা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ২৯৪ আসনের মধ্যে এখন পর্যন্ত বিজিপি এগিয়ে আছে ১৮৩ আসনে এবং তৃণমূল এগিয়ে রয়েছে ১০২ আসনে।
এরই মধ্যে আজ সোমবার (৪ মে) বাংলাদেশ সময় বেলা ১টা ১০ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় তার ভিডিও বার্তায় বলেন, দয়া করে কেউ বিশেষ করে কাউন্টিং এ্যাজেন্টরা, প্রার্থীরা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। যেসব সেন্টারে গণনা হচ্ছে সেখান থেকে কেউ আসবেন না।
মমতা আরও বলেন, এটা বিজেপির প্ল্যানিং। প্রথম দুই-তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রাখা হয়েছে। কল্যানীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনো মিল নেই।
জরুরি বার্তায় মমতা আরও বলেন, এরা টোটাল জোরপূর্বক সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখছেন ভোট লুট করছে। যাতে সিটগুলো জিততে পারে।
মমতা আরও বলেন, এখনও এমন ৭০টা সিট আছে, ১০০টা সিট আছে যেগুলোতে আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যা নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিইউ এই খবরগুলো দিতো, কিন্তু তাকে কালকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে, সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে।
মমতা অভিযোগ করে বলেন, আমাদের পুলিশরা টোটাল মাথানত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।
মমতা নিজের দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আমাদের কাউন্টিং এ্যাজেন্টদের আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব এতো মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড, চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। অপেক্ষা করুন এবং দেখুন। আমরা আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।

এনটিভি অনলাইন ডেস্ক