পুনরায় নির্বাচনের দাবি, অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের সরকার গঠন
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা না থাকায় অভিনেতা ও রাজনীতিবিদ জোসেফ থালাপতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে রাজ্যে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো’র সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। খবর এনডিটিভির।
আজ বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) পোস্টে শ্রীধর ভেম্বু বলেন, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা কারো হাতেই নেই। যদি কোনোভাবে জোড়াতালি দিয়ে সরকার গঠন করা হয়, তবে তা হবে অত্যন্ত অস্থিতিশীল। তামিলনাড়ুর মানুষ আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে পুনরায় নির্বাচন দেওয়াই হবে সর্বোত্তম পথ।
আরও পড়ুন : ভালো আলোচনা হয়েছে, ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা প্রবল : ট্রাম্প
তিনি বিজেপিকে একলা চলার পরামর্শ দিয়ে বলেন, এমনকি যদি বিজেপি শূন্য আসনও পায়, তাও তাদের এককভাবে লড়া উচিত। ভোটারদের নতুন করে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে চমক দেখিয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১১৮ থেকে তারা মাত্র ১০টি আসন দূরে রয়েছে।
সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থনের আশায় ইতোমধ্যেই কংগ্রেস (৫ আসন), ভিসিকে (২ আসন), সিপিআই (২ আসন) ও সিপিআইএম-এর (২ আসন) সঙ্গে যোগাযোগ করেছেন বিজয়। কংগ্রেস তাকে সমর্থনের আশ্বাস দিলেও অন্যান্য দলগুলো এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এছাড়া টিভিকে প্রতিনিধিরা বিজেপি মিত্র পিএমকে (৪ আসন) ও এআইএডিএমকে প্রধান ইদাপাদি পালানিস্বামীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন : মার্কিন নৌ-অবরোধ ভেঙে পারস্য উপসাগরে ইরানি তেলের জাহাজ
এর আগে গতকাল বুধবার (৬ মে) তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, রাজ্যপাল বিজয়ের দাবি করা সমর্থন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। ফলে সরকার গঠনের আমন্ত্রণ বা শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয়কে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে আরও কয়েক দিন সময় দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক